কাউখালীতে ভাঙ্গা ব্রিজ: জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে এলাকাবাসী

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর)।।
পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কাউখালী কেন্দ্রীয় আলেম মাদ্রাসার সামনের ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ব্রিজের পাটাতন থেকে খালের নিচে পড়ে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা সহ প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এই সাঁকোটি জরাজীর্ণ দীর্ঘদিন ধরে। এই ব্রিজ পারাপার হয় কাউখালীত কেন্দ্রীয় আলেম মাদ্রাসা, চিরাপাড়া ইউনিয়ন ভূমি অফিস, কাউখালীর একমাত্র পান বাজার, ডুমঝুরী গ্রাম সহ ডুমঝুরি, চরবাসুরী আবাসন সহ বিভিন্ন এলাকার শত শত লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অফিসগামী লোকজন চলাচল করে।

মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম ও মাসুমা আক্তার বলেন আমরা আতঙ্কের ভিতর দিয়ে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ পারাপার হয়ে মাদ্রাসায় আসা যাওয়া করি।

এ ব্যাপারে কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ জানান, এ ব্যাপারে আমি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে আশ্বাস দিয়েছে অবিলম্বে সাঁকোটি মেরামত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদার বলেন, অতি গুরুত্বপূর্ণ সাঁকোটি উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করা হইবে।