কাজীরহাটে বিধবা নারীর নগ্ন ছবি ধারণের ঘটনায় তোলপাড়, বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ভাষাণচর ইউনিয়নের গুদিঘাটা গ্রামে এক অসহায় বিধবা নারীর নগ্ন ছবি তুলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই সপ্তাহ আগে এ ঘটনা ঘটলেও বিষয়টি গোপন ছিলো। কিন্তু ৩/৪ দিন আগে এ অপকর্মের ঘটনা ফাঁস হয়ে গেলে কাজীরহাট জুড়ে তোলপাড় শুরু হয়। দাবি উঠতে থাকে এই ঘটনায় জড়িতকে বিচার করতে হবে।

সর্বশেষ শুক্রবার (২৫ মার্চ) বিধবা নারীর নগ্ন ছবি তুলে ভয় ভিতি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভাষাণচর ইউনিয়নের দফাদার বাজারে ৭ নং ভাষাণচর ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় উপস্থিত জনতা স্থানীয় ওই বখাটের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মোতাহার হোসেন মাতুব্বর, কাজীরহাট থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. রাকিব হোসেন হাজী, মো. কুদ্দুস মাতুব্বর, মিজানুর রহমান মাতুব্বর, মো. রাজ্জাক মাতুব্বর, হানিফ মাতুব্বর, বেল্লাল মাতুব্বর, মো. জাফর কাজী, আনিসুর রহমান হাওলাদার, সাইফুল ইসলাম, সুমন হাওলাদার, মাইনুল মাতুব্বর, নেছারউদ্দীন দেওয়ান, মো. রোমান, মহিউদ্দীন ঘরামীসহ ভাষানচরের সর্বস্তরের মানুষ।