কুয়াকাটায় জামায়াত ইসলামের ১১ সদস্য আটক

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ১১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে কুয়াকাটার আল-হেরা নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

এসময় জামায়াত সদস্যদের হামলায় চার পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, কনস্টেবল মাসুম, হাসান ও ফরহাদ।

আটকরা হলেন, ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), আ. হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার ৩৭) আ. হালিল হাওলাদার (৬৪) ও হারুন অর রশিদ (৫৭)। তাদের সবার বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ঝালকাঠি থেকে জামায়াত-শিবিরের ৫০-৬০ জনের একটি দল কুয়াকাটায় এসে হোটেল আল-হেরার তৃতীয় তলায় তিনটি কক্ষ ভাড়া নেন। পরে শনিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, কর্মী সংগ্রহ কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অবস্থায় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যান।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। এসময় তাদের হামলায় আহত চার পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ওই ১১ জনকে আটকের সময় ধর্মীয় উগ্রবাদ ছড়ায় এমন কিছু জিহাদি বই, মোবাইল ফোন, কর্মী সংগ্রহের বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।