কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে কিশোর পর্যটকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি।।
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নাহিয়ান নাফী (১৮) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পরিবারের সাথে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। সাঁতার না জানায় এ দূর্ঘটনা ঘটে।

নাহিয়ান মাহাদি নাফী ঢাকার বংশাল এলাকার ২৭/১, আবুল হাসানাত রোডের হাজী আঃ নাজিম উদ্দীন ছেলে।

মাহাদীর বড় বোন নামিরা জাহান ঐশি জানান, মৃত মাহাদীর পরিবারের ২৩ জন সদস্যর সাথে আজ সকালে ঢাকার বংশাল থেকে কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সমুদ্র বাড়ি রিসোর্টে অবস্থান করেন। দুপুর একটার দিকে তারা সমুদ্রে গোসল করতে নামে। ঐশি আরো জানান, গোসল করার এক পর্যায়ে মাহাদীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। একপর্যায়ে সী বিচের ভাঙ্গন রোধে ব্যবহৃত দুইটি জিও ব্যাগের মাঝে পানিভর্তি গর্তের মধ্যে পরে ডুবে যায়। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান রিজভী তাকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহত নাফীর স্বজনরা নিখোঁজের বিষয়টি পুলিশবক্সে অবহিত করেন। তাৎক্ষণিক ডিউটিতে থাকা পুলিশ সমুদ্র খোঁজাখুঁজি শুরু করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।