কুয়াকাটার আবাসিক হোটেলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি।।
কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

মহিপুর থানা পুলিশ জানিয়েছে, রোজ গার্ডেন নামের ওই হোটেলে রোববার সকালে দু’দম্পতি পৃথক দুই কক্ষে ওঠেন। বিকেলে হোটেলের কক্ষে সাদিকা ইসলাম রিচি (১৮) নামের ওই নারীকে একা রেখে তারা তিনজন পাশের কক্ষে ছিলেন। এসময় দরজা বন্ধ করে দেন রিচি। কিছুক্ষণ পর দরজা খোলার জন্য ডেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে রিচিকে ঝুলে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষকে জানায়। এরপর পুলিশকে খবর দেয়া হলে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেয়।

পুলিশ জানিয়েছে, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত সাদিকার স্বামী পরিচয়দানকারী যুবকের নাম রায়হান (২০) এবং অপর দম্পতির নাম মোঃ রিফাত (২৫) ও মিথিলা (১৮)। এদের সকলের ঠিকানা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং সাথে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।