কুয়াকাটায় ধাওয়া খেয়ে পালালো ডাকাতদল, গুলিতে পুলিশসহ আহত ৪

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতদল। এসময় ডাকাতের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছে ০৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা অবসর প্রাপ্ত হাইস্কুল শিক্ষক আব্দুল আজিজ হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষনিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে ছড়ড়া গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেল চালক গুলিবদ্ধ হন। পরে পুলিশ সহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল সটকে পরে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।