কুয়াকাটা সমুদ্রে ডুবে যাওয়া ২ পর্যটক জীবিত উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি।।
কুয়াকাটা সমুদ্রে গোসল করতে নেমে দুই পর্যটক ডুবে যায়। সৈকতে থাকা ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক স্থানীয় লিটন ওয়াটার বাইকের সহয়তায় সাতার না জানা ওই দুই পর্যটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ঢাকা বসুন্ধরা থেকে আসা দুই বন্ধু মোঃ রাশিক (২৭) এবং মেজবাহ উদ্দিন তালু (২৮) শুক্রবার কুয়াকাটা ওয়েস্টার্ন হোটেলে উঠেন। শনিবার (২৭ মে) দুপুর ১২ টার দিকে সমুদ্রে গোসল করতে নামেন। তাদের মধ্যে এক বন্ধু সাতার না জানার কারণে ঢেউয়ের তোরে গভীরে নিয়ে যায়। পাশে থাকা অন্য বন্ধু উদ্ধার করতে গিয়ে দুই জনই ডুবে যেতে থাকে। এ দৃশ্য সৈকতে থাকা কর্তব্যরত ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক ওয়াটার বাইকের মাধ্যমে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার কাজে সহয়তা করা লিটন বলেন, দুই পর্যটক ডুবে যাওয়ার সময় আমরা কাছেই ছিলাম। যার কারণে আল্লাহ রহমতে জীবিত উদ্ধার করতে পারছি। আমরা তাৎক্ষণিক না দেখলে বড় ধরনে দুর্ঘটনা ঘটে যেত।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, সৈকতে থাকা আমাদের বক্স থেকে প্রতি ১০ মিনিট পরপর মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়। যারা সাঁতার জানে না তাদেরকে গোসল করতে নিষেধ করা হয়। নিষেধ করা সত্ত্বেও আগত পর্যটকরা গোসলে নামে। আমরা সব সময় সতর্ক অবস্থানে আছি। সাঁতার না জানা দুই পর্যটককে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন।