কুয়াকাটা সৈকতে দেখা মিললো ৬ ফুট লম্বা ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতী ডলফিন। যার লেজে হালকা আঘাতর চিহ্ন রয়েছে। তবে এটা মারা গেছে কয়েক ঘন্টা আগে এমন ধারনা জেলেদের।

বুধবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা সৈকতের ট্যুর গাইড মোবারক হোসাইন। পরে ডলফিন রক্ষা কমিটির অন্যান্য সদস্যদের খবর দেয়া হয়।

মোবারক ও স্থানীয় জেলেদের সাথে কথা বলে জানা যায়, সকালে সৈকতে জোয়ারে সাথে ভাসতে ভাসতে এটা সৈকতে এসেছে। তবে এটা বেশ কয়েক ঘন্টা আগে মারা গেছে বলে মনে হয়। কারণ এটার আকৃতির কোনো পরিবর্তন নেই মনে হচ্ছে জীবিত।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই ডলফিনটি বাচ্চা জাতের ইরাবতী ডলফিন, ইরাবতী ডলফিনের বাচ্চা ও বয়স্কদের মধ্যে একটু পরিবর্তন থাকে। এর আগে গত বছরে কিছু বয়স্ক ইরাবতী আসছিল আজকে আবার বাচ্চা আসলো।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘন ঘন ডলফিন ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। মৃত্যুর রহস্য উন্মোচনে উর্ধ্বতন কৃর্তপক্ষকে অবহিত করা হয়েছে।

এর আগে এ বছর সৈকতে ৮টি মৃত কচ্ছপ এবং ১০ টি মৃত ডলফিন ভেসে আসে।