কুয়াকাটা সৈকতে পুণ্যস্নানে এবারের রাস পূজা সম্পন্ন

কাজী সাঈদ, কুয়াকাটা॥
আকাশে চাঁদের হাসি। হালকা কুয়াশায় ভেজা জোছনার আলো। সারা রাত কেউ ঘুমায়নি। পূর্ব আকাশে ভোরের পূর্ণিমা তিথির নতুন সূর্য ওঠার অপেক্ষা। উষালগ্নে কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার নর-নারী মিলিত হয়েছে। পূণ্যার্থী ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছে। আকাশে উড়ছে বাহারী রংঙের গ্যাসবেলুন।

রাস লীলা ও রাস মেলার উদযাপন কমিটির সভাপতি ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার’র সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মো.মহিবুর রহমান মহিব। উদ্বোধনী সভায় বক্তব্য দেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আহম্মদ মাইনুল হাসান, ট্যুরিষ্ট পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা প্রমুখ।

পূণ্যার্থীরা সারা রাত মন্দির প্রাঙ্গণে ভাগবত পাঠ, আরতি, উলু ও শঙ্খধ্বনি ও নাম কীর্তন করেছেন। আগত পর্যটক ও রাস মেলার দর্শনার্থীদের বিনোদনের জন্য কুয়াকাটা পৌরসভার আয়োজনে রাখাইন মহিলা মার্কেট মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী বিন্দু কনা রাতভর গান পরিবেশন করেন।

উষালগ্নে বঙ্গোপসাগরের লোনা জলে নেমেছে হিন্দু সম্প্রদায়ের হাজারো নর-নারী। মানতকারীরা মাথার কেশ ন্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিন্ড দান করেন। পূণ্যের আশায় বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরীতকী, ডাব, কলা, তেল, সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন। পূণ্যার্থীরা পূর্ণিমার মধ্যে উলুধ্বনি ও মন্ত্রপাঠ করে গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ করেছেন এ বছরের রাস পূজা। আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে থেকে নিজ গন্তব্যে ফিরে গেছেন। প্রতি বছরের ন্যায় এ বছরের রাসলীলা উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূন্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে।

জানাগেছে, জাগতিক পাপ মুছে যাবে। এই মনোষকামনায় পূর্ণিমাতিথীতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ কুয়াকাটায় সমুদ্রে পূণ্যস্নান করেন। সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের নীল জলে পূণ্যস্নান করেন পূণ্যার্থীরা। পঞ্জিকা মতে সোমবার বিকাল ৪টা ২৩ মিনিটে পূর্ণিমাতিথী শুরু হয়েছে। তা থাকবে মঙ্গলবার বিকেল ৪টা ১৯ মিনিট পর্যন্ত। এ তিথিতেই পূণ্যার্থীদের গঙ্গাস্নানের সময় নির্ধারণ করা হয়। পূণ্যের আশায় এ বছরও সৈকতে সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে পূণ্যার্থী, দর্শণার্থী ও সাধু সন্ন্যাসী। এদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় রবিবার রাতে শ্রী শ্রী মদন-মোহন সেবাশ্রমে অধিবাসের মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী শুরু হয়েছে শ্রীশ্রী কৃষ্ণের রাস উৎসব। মন্দির প্রাঙ্গণে স্থাপন ১৭ জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা। এসময় ভাগবত পাঠ, আরতি, উলু ও শঙ্খধ্বনি এবং নাম কীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। কুয়াকাটায় গঙ্গা স্নান শেষে পূর্ণ্যার্থীরা রাধা কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মন্দির ও সৈকত এলাকায় ভাসমান টয়লেট, পরিধেয় বস্ত্র পরিবর্তন সেড, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব, মেডিকেল টিমসহ ফায়ার সার্ভিসের একটি দল। এছাড়া পুরো কুয়াকাটাকে সিসি ক্যামেরার আওতায় ছিলো। মূলত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হলেও এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। কুয়াকাটার সৈকত পরিনত হয় সার্বজনীন উৎসবে। রূপ নেয় সাস্প্রদায়িক সস্প্রীতির উৎসবে এমটাই জানিয়েছেন স্থানীয়রা।

অপরদিকে কুয়াকাটা হোটেল মোটেল সূত্রে জানা গেছে, এ বছর রাসমেলা ও গঙ্গাস্নান উৎসবে আবাসিক হোটেলগুলো বুকিং ছিলো। প্রশাসনের পক্ষ থেকে রাস পূজায় আগত পূণ্যার্থীদের নিরাপত্তা দিতে আনসার ভিডিপি, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে পর্যটন নগরী কুয়াকাটাকে। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা ও চেক পোষ্ট এর মাধ্যমে পূন্যার্থীদের নজর রাখা হয়েছে।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার মুখার্জী জানান, ব্যাপক নিরাপত্তা, উৎসাহ উদ্দিপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য, রাতভর শ্রী কৃষ্ণের নাম যজ্ঞ ও উলুধ্বনীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান গঙ্গাস্নান ও শ্রী কৃষ্ণের রাস পূজা সম্পন্ন হয়েছে।
মহিপুর থানা ওসি খোন্দকার আবুল খায়ের জানান, গঙ্গাস্নান উপলক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে সি-সি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও সাদা পোষাকে পুলিশের টহল ছিলো।

রাসমেলা উদযাপন কমিটির সভাপতি ও কলাপাড়া পৌর মেয়র বিপুল হওলাদার জানান, প্রায় দুই’শ বছর পূর্ণিমা তিথিতে এ রাসলীলা উৎসব ও মেলা চলে আসছে। দ্বাপর যুগে মানুষের দুঃখ-দুর্দশা, হিংসা, হানাহানি দেখে দুষ্টের দমন ও সৃষ্টের লালনের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাম ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, কুয়াকাটায় পূণ্যস্নানে আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয় একটি নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়েছিলো।