কুয়াকাটা সৈকত থেকে মলম পার্টির ৬ সদস্য গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি॥
পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকত থেকে মলম পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈকতের লেম্বুরবন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও ঊনআশি হাজার নগত টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার আশরাফুর রহমান জানান, লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের এক ব্যক্তিকে কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের কয়েকজনকে তিনি সৈকতে ঘোরাঘুরি করতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের গ্রেফতার করে।