ক্ষমতা হস্তান্তর করে যা বললেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক।।
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আপনাদের সবার কাছে আমি শুধু একটি অনুরোধ করবো, পেছনের দিকে যা ঘটেছে সেদিকে আমরা না তাকাই। আগামী দিনে কিভাবে সমৃদ্ধশালী শিল্পী সমিতি গড়ে তুলবো সেই ব্যবস্থা আমরা করি।’

ইলিয়াস কাঞ্চনের উদ্দেশ্যে মিশা সওদাগর বলেন, ‘আজকে থেকে সভাপতি হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। আমি তাকে অনুরোধ করবো, আমি সবাইকে নিয়েই কাজ করবেন এবং এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যেটা পূর্বে হয়নি। আমি বিশ্বাস করি, আপনি আলোকিত মানুষ, আপনার আলোয় আলোকিত হবে পুরো চলচ্চিত্র পরিবার। আজকে সবাই থাকলে আমি খুশি হতাম। সবাই যাতে থাকে আপনি সেই কার্যকরী পদক্ষেপ নিবেন আশা করি   ।’

নতুন প্যানেলের প্রতি প্রত্যাশা রেখে বিদায়ী সভাপতি বলেন, ‘আমি বিশ্বাস করি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল দৃষ্টান্ত স্থাপন করবে। বিগত প্যানেলের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইলে সেটা অবশ্যই দেওয়া হবে। পেছনে আমি অনেক খারাপ কাজ করেছি সেটা আর মনে রাখার দরকার নেই। আমি যদি ভুল করে থাকি সেই ভুল আপনারা করবেন না। হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আপনারা এগিয়ে যাবেন।’