খালেদা জিয়ার আবেদনে প্রধানমন্ত্রীর অনুমোদন

অনলাইন ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী সাজা স্থগিতের মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বুধবার (২৩ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ১৬ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সেদিনই আইনমন্ত্রী আনিসুল হক জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া।

দেশে করোনাভাইরাস মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত কয়েক দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।