খুলনাকে বড় ব্যবধানে হারাল বরিশাল

স্পোর্টস ডেস্ক।।
এবারের বিপিএলে খুলনার বিপর্যয় যেন থামছেই না। ৯ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে এমনিতেই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে দলটি। এবার ঢাকা পর্বের শেষ লেগেও প্রথম ম্যাচেই হারল শাই হোপের দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান করে বরিশাল। পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে কখনোই সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি খুলনা। ১৫৭ রানে থামে তাদের ইনিংস। ৩৭ রানের জয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে বরিশাল।

ব্যাট করতে নেমে ওপেনিংয়েই দারুণ খেলেছে বরিশাল। ব্যক্তিগত ১২ রানে এনামুল বিজয় ফিরলে চাপ সামলে নেন ইব্রাহিম জাদরান এবং ফজলে রাব্বি। ৩৯ রানে রাব্বি এবং ২৩ রানে ফেরেন জাদরান। এরপর বড় জুটিতে সাকিব-ইফতেখার আভাস দেন বড় সংগ্রহের।

২১ বলে ৩৬ রান করে ফেরেন বরিশালেন অধিনায়ক সাকিব। তখনও ব্যাট হাতে অবিচল ইফতেখার। খুলনার বোলারদের একের পর এক চার ছয়ে করেন সীমানা ছাড়া। তুলে নেন নিজের আসরের দ্বিতীয় অর্ধ-শতক। শেষ দিকে করিম জানাত ৮ বলে ১৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪ রান। ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন ইফতেখার। বরিশাল থামে ১৯৪ রানে।