গলাচিপায় এক গৃহবধুর গায়ে এসিড নিক্ষেপ

গলাচিপা প্রতিনিধি (পটুয়াখালী)।।
গলাচিপায় তয়না (২০) নামের এক গৃহবধুর গায়ে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ মার্চ) দিবাগত রাত পৌনে চারটার দিকে পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। পটুয়াখালী সহকারী পুলিশ সুপার(গলাচিপা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছে।

সূত্র জানায়, রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামের মৃত্যু জলিল হাওলাদারের মেয়ে তয়না আক্তারের সাথে বরিশালের রমজানকাঠি গ্রামে আবুল কাশেমের পুত্র মিলন খানের সাথে ৪বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে তামিম খান নামের ২বছরের পুত্র সন্তান রয়েছে। মিলন খান একজন বাস চালক। বিবাহের পর থেকেই মিলন খান যৌতুকের জন্য তয়নাকে হুমকি দিয়ে আসছিল। তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।এতে তয়না আক্তার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে নানা হানিফ মৃধার ঘরের সাথে আলাদা ঘর তুলে বাস করত। কিছুদিন পূর্বে তামিমকে তার বাবা মিলন খান নিয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাতে ঘরের বেড়া ভেঙে তয়না আক্তারের গায়ে এসিড নিক্ষেপ করা হয়। এতে তার মা মাহফুজা বেগমও আহত হয়। ভোররাতে স্থানীয়রা তয়না আক্তারকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরিবারের দাবী তয়নার স্বামী মিলন খান এ ঘটনাটি ঘটিয়েছে।

এ ঘটনায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগিরা মামলার প্রস্তুতি নিচ্ছে।