গলাচিপায় ডোবা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের দুইদিন পর অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আফসানা আক্তার মিম (১৩) ওই এলাকার হুমায়ুন সিকদারের ছোট মেয়ে এবং সূহরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে , রোববার (২৬ জুন) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মিম। সকালে মিমের মা কনা বেগম মিমকে ঘরে না দেখতে পেয়ে বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনকে বিষয়টি অবহিত করে। তবে অনেক খোঁজাখুঁজি করেও গত দুইদিনেও মিমের সন্ধান পায়নি পরিবারটি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মিমের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরএম শওকত আনোয়ার ইসলাম জানান, স্কুলছাত্রী মিম নিখোঁজের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায়ই তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে । তিনি আরো জানান, লাশ তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।