গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

গলাচিপা প্রতিনিধি (পটুয়াখালী)।।
গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ মোঃ খোকন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত খোকন জেলার রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের মৃত তোফাজ্জেল এর ছেলে।

পুলিশ জানায়, খোকন আন্তঃজেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরনকারী চক্রের সক্রিয় সদস্য। বুধবার (১৬ ফেব্রুয়ারি) শেষ বেলায় ডিবি পুলিশের একটি টিম গলাচিপা পৌর শহরের কাঠপট্রি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬ টি এবং ৫ শ‘ টাকার বিভিন্ন সিরিয়ালের ৩০৮টি জাল নোট জব্দ করে। পরে খোকনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার সহযোগী একাধিক ব্যক্তির নাম প্রকাশ করে। সে জাল টাকা ক্রয় বিক্রয়ের সময় বিভিন্ন নাম ব্যবহার করতো।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।