গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

গৌরনদী প্রতিনিধি (বরিশাল) ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে মহাসড়কের কাসেমাবাদ এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি ওই নারীকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন ছিলো।
তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের পাশাপাশি পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আঙ্গুলের ছাপ পিবিআই’র কাছে পাঠানো হয়েছে।