গৌরনদীতে অপহরণ করা সেই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা হচ্ছে

গৌরনদী প্রতিনিধি (বরিশাল) ।।
পরীক্ষা দিতে যাওয়ার সময় দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অপহরনের সাথে জড়িত আটক মামুন ফকিরকে গ্রেফতার করে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।

অপহৃতা স্কুল ছাত্রীর ভাই হোসেন ফকির অভিযোগ করে বলেন, একই গ্রামের অজিত বাড়ৈর ছেলে গোবিন্দ বাড়ৈ তাদের (হোসেন ফকির) বাড়িতে দিনমজুরের কাজ করতো। কাজের সুবাদে তাদের বাড়িতে যাতায়ত করতো গোবিন্দ। কয়েক মাস ধরে তার দশম শ্রেনী পড়ুয়া বোনকে উত্যক্ত করে আসছিলো গোবিন্দ। উত্যক্তের বিষয়টি ধরাপরায় ওই বাড়িতে গোবিন্দকে যেতে নিষেধ করা হয়। মঙ্গলবার সকালে তার বোন বাকাই মেদাকুল সমরসিংহ ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে যায়। পথিমধ্যে স্কুল ছাত্রীর পথরোধ করে গোবিন্দ ও তার ৪/৫ জন সহযোগীরা মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে আসামী করে মামলা দায়েরের পর স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার মূল আসামী গোবিন্দকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।