গৌরনদীতে ঈদের আনন্দ করতে হামলা-পাল্টা হামলায় আহত- ৫

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
ঈদের আনন্দ করতে পিকআপে শিশুদের নিয়ে যাওয়াকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা ও বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার জংগলপট্টি গ্রামের।

আহতরা হলো- জঙ্গলপট্টি গ্রামের আব্দুর রহমান সন্যামতের ছেলে মনির সন্যামত, রাশেদ সন্যামত এবং আব্দুস সালাম সন্যামতের ছেলে পলাশ সন্যামত, হাসান বেপারীর ছেলে কালু বেপারী ও মামুন সন্যামত।

রাশেদ সন্যামতের লিখিত অভিযোগে জানা গেছে, ৪ মে জঙ্গলপট্টি গ্রামের প্রায় ৩০ জন লোক পিকআপযোগে মাওয়া পিকনিকে যায়। পিকনিকে একই গ্রামের মামুন সন্যামতের ভাগিনা মাহিন সন্যামতকে নেয়ার অজুহাতে মনির সন্যামতের বাড়িতে ঢুকে গালিগালাজ করে। এ ঘটনার জেরধরে শুক্রবার (০৬ মে) দুপুরে জঙ্গলপট্টি ব্রীজের সামনে বসে পলাশ সন্যামতের সাথে হাতাহাতি হয়। পরবর্তীতে পলাশ সন্যামতের পক্ষ নিয়ে মামুন সন্যামত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনির সন্যামতকে কুপিয়ে জখম করে। এসময় ভাইয়ের উপর হামলা ঠেকাতে গিয়ে রাশেদ সন্যামত গুরুতর আহত হয়।

পলাশ সন্যামত অভিযোগ করে বলেন, একই বংশের মামুন সন্যামতের ভাগিনা শিশু মাহিন সন্যামতকে পরিবারের অজান্তে পিকনিকে মাওয়া নিয়ে যাওয়ায় মামুন সন্যামতের সাথে মনির ও রাশেদ সন্যামতের কথাকাটাকাটি হয়। পরবর্তীতে মনির ও রাশেদের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় তিনি (পলাশ), ও তার ভাগিনা কালু বেপারী, মামুন সন্যামত গুরুতর আহত হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সালাম সন্যামত নামের একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।