গৌরনদীতে এতিম কিশোরীকে ধর্ষণ, ধর্ষককে ছাড়ালো ইউপি সদস্য

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
পিতৃ-মাতৃহীন এতিম কিশোরীকে (১৪) ধর্ষনের অভিযোগে দুই লম্পটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ কমলাপুর গ্রামের। বৃহস্পতিবার (১৭ মার্চ) গৌরনদী মডেল থানায় ধর্ষনের অভিযোগে বার্থী এলাকার মহব্বত আলী বেপারীর ছেলে নজরুল বেপারী (৪০) ও তার সহযোগী রাসেল বেপারী (৩৬) কে আসামী করে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর বসতবাড়ির পাশে জমি লিজ নিয়ে সবজি চাষ করে আসছিলেন বার্থী গ্রামের নজরুল বেপারী ও তাঁরাকুপি গ্রামের রাসেল বেপারী। ওই সবজি ক্ষেতে যাতায়তের সুবাদে নজরুল ওই কিশোরীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কিশোরী ঘরের বাইরে বের হয়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা নজরুল ওই কিশোরীর মুখ চেপে সবজি ক্ষেতে নিয়ে জোরপূর্বক তাকে (কিশোরীকে) ধর্ষন করে। পরবর্তীতে ওই কিশোরীর ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সহযোগী রাসেল তার মোটর সাইকেল রেখে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্ত নজরুলকে ওই ভুক্তভোগীর বাড়িতে একটি ঘরের মধ্যে আটক করে রাখা হয়েছিলো। পরবর্তীতে বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য করিম লস্কর মোটরসাইকেলযোগে ১০/১৫ সহযোগীদের নিয়ে ওই বাড়িতে গিয়ে নজরুলকে কৌশলে ছিনিয়ে নেয়। এ বিষয়ে জানতে চাইলে নজরুলকে ছিনিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করেন ইউপি সদস্য করিম লস্কর।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, খবর পেয়ে ঘটনার দিন রাতেই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে আসামীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বৃহস্পতিবার বিকেলে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি উল্লেখ করেন।