গৌরনদীতে খাল দখল করে ভবন নির্মাণ

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় সরকারী খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়া হলেও এখন পর্যন্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কিরন নামের এক ইতালী প্রবাসী টরকী বন্দর সংলগ্ন নীলখোলা সরকারী খাল দখল করে ভবন নির্মান কাজ চালিয়ে আসছে। পুরো খাল বন্ধ করে ভবন নির্মান করায় বর্ষার মৌসুমে জলাবদ্ধতার আশংকা তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন, সরকারী খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন নির্দেশ দিলেও এখন পর্যন্ত স্থাপনা সরিয়ে নেয়া হয়নি। ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে খালের মধ্যেই স্থাপনা নির্মাণের পাঁয়তারা চালাচ্ছেন ওই প্রবাসী। সরকারী নির্দেশ অমান্য করে স্থাপনা সরিয়ে না নেওয়ায় খাল দখলকারী কিরনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

সরকারী খাল দখলের অভিযোগ অস্বীকার করে ভবন নির্মানের সাথে জড়িত প্রবাসী কিরনের আত্মীয় শামীম ঘরামী জানান, তাদের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে।

বার্থী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিশেল আল সাদিক জানান, সরেজমিন পরিদর্শন করে খাল দখলের সত্যতার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরকারী খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কাজ চলমান রাখলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।