গৌরনদীতে যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
বরিশালের গৌরনদীতে হাবিব চোকদার নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। গুরুত্বর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাকে কোপানো হয়। আহত হাবিব বিজয়ী উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়ার সমর্থক বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান মিয়ার নেতৃত্বে বাসষ্ট্যান্ডে মহড়া দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে।

আহত হাবিবের বরাত দিয়ে তার স্বজনরা অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলো হাবিব। এরইমধ্যে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত ইমরান মিয়ার নেতৃত্বে ৬০/৭০ জন লোক কার্যালয়ে প্রবেশ করে। এসময় দলীয় কার্যালয়ের সামনে হাবিবকে দেখা মাত্রই ইমরানের সহযোগী হৃদয় ভূইয়া, রনি সহ অন্যান্যরা হাবিবকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে জানতে ইমরানের মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।