গৌরনদীতে রাস্তা কাটার প্রতিবাদ করায় প্রতিবন্ধীর উপর হামলা

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বসতবাড়িতে ঢোকার রাস্তা কাটার প্রতিবাদ করায় মঙ্গলবার (০৭ জুন) সকালে নুরুজ্জামান গাজী (৩৮) নামের শারিরিক প্রতিবন্ধীর উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযাগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর কান্ডপাশা গ্রামের।

নলচিড়া খানাবাড়ি এলাকার জয়নাল গাজীর ছেলে প্রতিবন্ধী নুরুজ্জামান গাজী অভিযোগ করে বলেন, শারিরিক প্রতিবন্ধী হওয়ায় হুইল চেয়ারে চলাচল করতে হয়। এজন্য উত্তর কান্ডপাশা গ্রামের শশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছি। আমার শশুর বাড়ির লোকজনের সাথে একই গ্রামের সরদার বংশের লোকজনের বিরোধ রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শশুর বাড়িতে ঢোকার একমাত্র পথ কাটা শুরু করে সরদার বংশের জামাল, হুমায়ুন, শাহিন, আলমগীর ও আয়নাল সরদার সহ একাধিক লোকজন। এতে তিনি (প্রতিবন্ধী নুরুজ্জামান) বাঁধা প্রদান করলে তার জীবিকা নির্বাহের অটোরিক্সা পানিতে ফেলে দেয়া হয়। এ ঘটনায় তিনি (নুরুজ্জামান) সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় লিখিত অভিযোগ দেয়ায় সরদার বংশের লোকজন ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে প্রতিবন্ধী নুরুজ্জামানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।