গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২জন

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
হানিফ এন্টারপ্রাইজের একটি বাস চাঁপায় রাশিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় নামক এলাকায়। নিহত রাশিদা গৌরনদী উপজেলার সাউদেরখাল গ্রামের আব্দুস সালাম মাঝির স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পথচারী রাশিদাকে চাঁপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তিনি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও ড্রাইভার-হেলপাড় পালিয়ে যায়।

অপরদিকে মোটরসাইকেলের ধাক্কায় পুষ্প রানী তপাদার (৭৫) নামের এক বৃদ্ধা নারী শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরন করেছেন। নিহত পুষ্প রানী জেলার গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের অনুকুল তপাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের সজিবুর রহমান নামের এক যুবকের বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় পুষ্প রানী। আশঙ্কাজনক অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে একইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।