ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে হারলো বার্সা

স্পোর্টস ডেস্ক।।
আগেই লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনাকে হারিয়েছে সেল্টা ভিগো। কাতালানদের ঘরের মাঠে ২-১ হারিয়ে পরের মৌসুমে লা লিগায় টিকে রইলো সেল্টা।

ম্যাচের ১১ মিনিটে সেল্টার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফঁক কেসিয়ে। তবে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় গোলটি। ৪১ মিনিটে সেল্টার অস্কার রদ্রিগেজ জালে বল পাঠালেও পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। তবে ৪২ মিনিটে ডান পায়ের দারুণ শটে দলকে এগিয়ে নেন ভেইগা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ছন্দহীন ছিল বার্সা। ম্যাচের ৬৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা। চমৎকার গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন ভেইগা। ডান দিক থেকে তার শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। খানিকটা এগিয়ে থাকা বদলি গোলরক্ষক পেনা লাফিয়েও বলের নাগাল পাননি।

৭৯ মিনিটে আনসু ফাতির গোলে ব্যবধান কমালেও বাকি সময়ে আর তেমন কিছু করে দেখাতে পারেনি বার্সেলোনা। হার নিয়েই মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নদের।

চ্যাম্পিয়ন বার্সেলোনা আসর শেষ করল ৮৮ পয়েন্ট নিয়ে। তাদের সঙ্গে আগেই চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ (৭৮), আতলেতিকো মাদ্রিদ (৭৭) ও রিয়াল সোসিয়েদাদ (৭১)।