চরফ্যাশনে নিখোঁজ ৮ জেলে উদ্ধার হয়নি, স্বজনদের আহাজারি

আমির হোসেন, চরফ্যাশন।।
চরফ্যাশনে ইউসুফ মাঝির মালিকানাধীন ট্রলার ডুবির ঘটনায় তিনদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ৮ জেলের। এতে জেলে পরিবারগুলোতে চলছে শোকের আহাজারি।

ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন কারও বাবা, কারও সন্তান, কারও বা স্বামী। পরিবারের একমাত্র উ পর্জনক্ষম ব্যক্তিকে না পেয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবার গুলোর সদস্যরা।

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চরফ্যাশনের দুই ইউনিয়নের কয়েক গ্রামে। ট্রলার ডুবির দুর্ঘটনায় ইউসুফ মাঝিসহ ৫ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও ৮ জেলে না পেয়ে নিখোঁজ জেলে পরিবারে আতঙ্ক- উৎকন্ঠ বেড়ে গেছে। নিখোঁজ রা জীবিত ফিরবেন, এমন আশা ও অপক্ষায় দিন কাটাচ্ছেন জেলে পরিবারগুলো।

নিখোঁজ জেলেরা হলেন, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবু পাটোয়ারীর ছেলে মো. রাছেল (২৮), ২ নং ওয়ার্ডের মোকলেছুর রহমানের ছেলে মো. তছলিম (৩০), ৬ নং ওয়ার্ডের মো.জাফরের ছেলে মো. ইসমাইল (৩১), ৮নং ওয়ার্ডের আঃ মন্নান আখনের ছেলে আঃ রহমান আখন (৪০), ও নাছির মাঝীর ছেলে আঃ মন্নান (৩৪), শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সুলতান আহমেদ মল্লিকের ছেলে নাজু( ৫০), মো. আক্কেল আলী বেপারীর ছেলে মো. ছাদেক(৪২), ৯নং ওয়ার্ডের আবু হাওলাদারের ছেলে মো. জুয়েল( ২৯)। এদিকে চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের নিখোঁজ জেলে ইসমাইল এর মা শাহিনূর বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলের ৩ জন ছেলে মেয়ে রয়েছে। আমার ছেলে নদীতে মাছ ধরেন।

ওই টাকায় আমার ছেলের সংসার চলে। কিন্তু বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিনদিন হলো আমার ছেলের সন্ধান পাইনি। আমার বউ এবং নাতি- নাতিনদের কে দেখবে। সরকারের কাছে আমার ছেলের জীবিত অথবা মৃত ফেরৎ চাই। আমার ছেলের চিন্তায় আমাদের পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। নিখোজ জেলেরা বেঁচে আছেন কি না, তাও জানা নেই পরিবারগুলোর।

চরফ্যাশন উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নেমান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ড কে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে আবহাওয়া ঠিক হলে খুব দ্রুতই উদ্ধার অভিযান যাবে কোষ্টগার্ড।

তিনি আরও বলেন, নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। উল্লেখ্য যে, গত (৯ আগষ্ট) মঙ্গলবার বিকালে চরমানিকা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউসুফ মাঝির মালিকানা মাছ ধরার ট্রলার বৈরি আবহাওয়ার কারণে সাগরে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে পায়রা বন্দর সংলগ্ন বঙ্গপসাগরের গভীরে ১৩ জেলে সহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।