চার দিনেও খোঁজ মেলেনি মা ও ছেলের

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
রহস্যজনকভাবে ছেলেসহ নিখোঁজ হয়েছেন গৃহবধূ সাবিনা ইয়াসমিন (২৫)। স্ত্রী ও পুত্র সন্তানের সন্ধান পেতে থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ গৃহবধূর স্বামী। চার দিনেও নিখোঁজ মা ও ছেলের কোন সন্ধান পাননি পুলিশ। ঘটনাটি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের।

নিখোঁজ গৃহবধূ সাবিনা ইয়াসমিনের স্বামী সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের বাসিন্দা তুহিন সরদার জানান, সোমবার (০৯ মে) সকালে তার স্ত্রী ছয় বছরের শিশু পুত্র ফারহান মাহামুদকে নিয়ে পশ্চিম চন্দ্রহার গ্রামের বাবার বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা হয়। প্রায় এক ঘণ্টা পর তিনি (তুহিন) শ্বশুর কালাম বেপারির কাছে ফোন দিয়ে জানতে পারেন তার স্ত্রী ও পুত্র ওই বাড়িতে যায়নি।