জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

রূপালী ডেস্ক।।
বরিশাল -০১ (গৌরনদী -আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা এবং সন্ত্রাসী কর্তৃক তাকে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষনাকে অমানবিক ও কাপুরুষোচিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান, বিএনপি বরিশাল জেলা দক্ষিণের আহবায়ক এ্যাড. মজিবুর রহমান নান্টু, উত্তর জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদ উল্লাহ, মহানগর আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা (দক্ষিণ) সদস্য সচিব এ্যাড. আক্তার হোসেন তালুকদার মেবুল, জেলা (উওর) সদস্য সচিব মিজানুর রহমান মুকুল ও মহানগর সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।

বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদ উল ফিতরের পূর্ব রাতে জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। যা সারাদেশকে রক্তারক্তি ও হানাহানির অন্ধকারে ঢেকে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে বর্তমান অবৈধ সরকার তাদের দলের সন্ত্রাসীদের নিয়ে দুস্কর্ম করার আশকারা দিয়ে বিরোধী মত ও বিশ্বাসের মানুষের উপর চড়াও হচ্ছে। ওই হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং অনতিবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

উল্লেখ্য, গত ২ মে রাতে বরিশাল – ০১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেয়ার ঘোষনা দেয়া হয়।