জামায়াতের আমিরসহ ৫ নেতা আটক, বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

অনলাইন ডেস্ক।।
গোপন বৈঠক চলাকালে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ ৫ শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়  ।

আটককৃত ব্যক্তিরা হলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, রোববার দুপুরে সরকারবিরোধী ও নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াত নেতারা গোপন বৈঠক করছেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনার দারুল আমান ট্রাস্টে অভিযান চালিয়ে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এ সময় সরকারবিরোধী লিফলেট, বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।