জেনে নিন ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’ সম্পর্কে

বিনোদন ডেস্ক।।
বিশেষ দিন মানেই আরটিভি। ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটিতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে। প্রতি বছরের মতো এবারও দর্শকের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে আরটিভি।

এই ঈদে ৮ দিনব্যাপী দর্শকরা নাটক, সিনেমাসহ নানান রকম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে।

শফিকুর রহমান শান্তনুর রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটকটিতে অনিক চরিত্রে অভিনয় করেছেন, কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষী কৌশিক ও শীলা চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চিত্র নায়িকা আঁচল।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি ঈদের দিন (১০ জুলাই) আরটিভিতে প্রচার হওয়ার পর ১৪ জুলাই আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

গল্পে দেখা যাবে, অনিক এলাকার নামকরা প্রেমিক। এ নিয়ে এলাকায় একটা না একটা গন্ডগোল বাধা রোজকার ঘটনা। কারণ, অনিক যাদের প্রপোজ করে, তারা কোনো না কোনোভাবে তার জন্য মিস ম্যাচ। এ নিয়ে এলাকার যুব সমাজের মিটিং বসে। কীভাবে অনিককে প্রেম করা থেকে বিরত রাখা যায়।

তখন সিদ্ধান্ত হয়, একটা অনুষ্ঠানের আয়োজন করে অনিককে অবসরপ্রাপ্ত প্রেমিক পদক ও সম্মাননা দেওয়া হবে। তার উদ্দেশে মানপত্র পাঠ করা হবে। তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। তাহলে অনিক আর কাউকে প্রেম নিবেদন করতে পারবে না। কারণ, সে তো এখন অবসরপ্রাপ্ত প্রেমিক।

সিদ্ধান্ত অনুযায়ী অনিককে বুঝিয়ে অনুষ্ঠানে আনা হয়। কিন্তু অনুষ্ঠানের উপস্থাপিকা ভার্সিটি পড়ুয়া শীলাকে দেখে অনিক ওয়াশরুমে যাওয়ার নাম করে পালিয়ে যায়। মানুষ বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যায় এমন উদাহরণ আছে। কিন্তু এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিয়ে যায় তা কেউ ভাবতেই পারেনি।

এদিকে শীলার জীবনে নেমে আসে অশান্তি। শীলাকে প্রেম নিবেদন করে বসে। শীলা বলে, তার বয়ফ্রেন্ড আছে। তাতেও থেমে থাকার পাত্র নয় অনিক। কাঁঠালের আঠার মতো শীলার পেছনে সে লেগেই থাকে। এভাবেই তাদের দ্বন্দ্ব আরও প্রকট হয় এবং নানামুখি নাটকীয়তার মধ্যদিয়ে এগিয়ে যেতে থাকে গল্প।