জোড়া সেঞ্চুরির ম্যাচে ক্যারিবিয়দের হারাল ভারত

স্পোর্টস ডেস্ক।।
আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারা ভারত এবার উড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজকে। জোড়া সেঞ্চুরির সাথে রেকর্ড গড়া জুটিতে ১৫৫ রানের বিশাল জয় পেয়েছে ভারত। এই জয়ে নারী বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গত আসরের রানার আপ ভারত। এদিন ভারতের হয়ে শতক হাকিয়েছেন স্মৃতি মান্দানা ও হারমানপ্রিত।

প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে। জবাবে ৪০.৩ ওভারে ক্যারিবিয়ানরা ১৬২ রানে শেষ হয়ে যায়। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারতের নারী দল।

বিশাল রান তাড়া করতে নেমে ভালো শুরু করেন ক্যারিবিয়রা। দুই ওপেনার দিন্দ্রা ডটিন ও হেলি ম্যাথুজের ব্যাটে ১২ ওভারেই ১০০ তোলে তারা। ডটিন ৪৬ বলে ৬২ এবং ম্যাথুজ ৩৬ বলে ৪৩ রান করেন। কিন্তু ডটিন আউট হওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভেঙে পড়ে। তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। দুই ওপেনার ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর মাত্র দু’জন শেমাইনি ক্যাম্পবেল, চেদিয়ান নেশন দু’অঙ্কের রান পান।

ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ রানা সেরা ছিলেন। ৯.৩ ওভার বল করে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া মেঘনা ২টি এবং ঝুলন, রাজেশ্বরী ও পূজা বস্ত্রকার একটি করে উইকেট নেন। এক দিনের ক্রিকেট বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেন ঝুলন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৯ রান তোলে ভারত। ইয়াশতিকা ভাটিয়া ২১ বলে ছয়টি চারে ৩১ রান করে ফিরে যান। এরপর মিতালি রাজ (৫) ও দৃপ্তি শর্মা (১৫) ব্যর্থ হন। ৭৮ রানে তিন উইকেট হারানো ভারত এরপর চতুর্থ উইকেটে গড়ে ১৮৪ রানের জুটি।

ওপেনার স্মৃতি মান্দানা খেলেন ১১৯ বলে ১২৩ রানের ইনিংস। ১৩টি চার ও দুটি ছক্কার মার তোলেন তিনি। হরমনপ্রীত কাউরের ব্যাট থেকে আসে ১০৭ বলে ১০৯ রানের ইনিংস। তিনি ১০টি চারের সঙ্গে দেখান দুটি ছক্কার শট। আট বল থাকতে আউট হন তিনি।

ভারতীয় নারী দলের সর্বোচ্চ রান ২ উইকেটে ৩৫৮। ২০১৭ সালে পচেপসট্রুমে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওই রান তুলেছিলেন দিপ্তি শর্মা (১৮৮) ও পুনাম রাউতরা (১০৯)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিতালি রাজদের এটি দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান। সব মিলিয়ে ভারতীয় নারীদের তৃতীয়বার তিনশ’ রান করার কীর্তি।