ট্যুরিস্ট বোট মালিকের মাথা ফাটালো শ্রমিক লীগ নেতার ভাই

কুয়াকাটা প্রতিনিধি, পটুয়াখালী।।
কুয়াকাটা পৌর শ্রমিকলীগ সভাপতির ভাইয়ের হাতে মারধরের শিকার হয়েছেন একজন পর্যটন ব্যবসায়ী। তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন। পরে থানায় অভিযোগ করায় হামলাকারী ও তার পরিবারের তোপের মুখে পড়েছেন ওই ব্যবসায়ী। খুনের শঙ্কা নিয়ে হাসপাতালের বিছানা থেকে এসে শনিবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী ইলিয়াস আকন।

ট্যুরিস্ট বোট মালিক মোঃ ইলিয়াস আকন কুয়াকাটা প্রেসক্লাবে শনিবার সকালে তার লিখিত বক্তব্যে জানান, বুধবার দুপুরের দিকে কুয়াকাটার খাপড়াভাঙ্গা নদীতে তার ফাইবার বোটটি অপর একটি ফাইবার বোটের পাশে নোঙ্গর করে রাখেন। ওই ফাইবার বোটের মালিক মোঃ আবুল হোসেন কাজী এতে ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালমন্দ করলে ইলিয়াস প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হন আবুল হোসেন কাজী। একপর্যায় লাঠিসোটা নিয়ে হামলা চালায় ইলিয়াসের ওপর। এ ঘটনায় রক্তাক্ত জখম হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি অভিযোগ আকারে মহিপুর থানা পুলিশকে জানালে আরও ক্ষেপে যান আবুল কাজী। এ অবস্থায় অভিযোগ প্রত্যাহারে তাকে চাপ দেয়া হচ্ছে। অন্যথায় তাকে গুম খুনের হুমকি দেয়া হচ্ছে বলে ইলিয়াসের অভিযোগ।

হামলার সময় প্রত্যক্ষদর্শী ও ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি মোঃ জনি আলমগীর জানান, আবুল কাজী ট্যুরিস্ট বোট মালিক সমিতির একজন দায়িত্বশীল লোক হয়েও তিনি সংগঠনের নিয়মনীতির তোয়াক্কা করেন না। ঘটনার দিন অত্যন্ত বেপরোয়া ও নির্দয়ভাবে ইলিয়াসের ওপর হামলা চালিয়েছে। তার বড় ভাই কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি আব্বাস কাজীর প্রভাবে পরিবারটি নানা অপকর্মের সাথে যুক্ত।

এ বিষয়ে অভিযুক্ত আবুল কাজী বলেন, ভুল বোঝাবুঝির এক পর্যায় ইলিয়াসের আঘাত প্রতিহত করতে গিয়ে মুখমন্ডলে সামন্য আঘাত পেতে পারে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।