ট্রলির ধাক্কায় পায়রা বন্দরের নির্মাণ শ্রমিকের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের ট্রলির ধাক্কায় ইউসুফ মৃধা (৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হারুন হাওলাদার (৩৯) নামের আরও এক ব্যক্তি। বুধবার (২৭ জুলাই) সকাল আটটার সময় ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইউসুফ উপজেলার চাকামাইয়া ইউপির নিশানবাড়িয়া গ্রামের মৃত কাদের মৃধার ছেলে। সে পায়রা বন্দরের ফাষ্ট টার্মিনাল প্রজেক্টের অপারেটর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশানবাড়িয়া থেকে ইউসুফ ও হারুন মোটরসাইকেল যোগে পায়রা বন্দরের দিকে যাচ্ছিলো। এসময় ফোর লেন সড়কের শেষ ব্রিজের কাছে পৌছলে লোন্দা থেকে আসা একটি ট্রলি ওই সড়কে ইউটার্ন করতে গিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষনা করেন। হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রলির চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।