ডিপিএলে শামীমের ঝড়, ৬৩ বলে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক।।
বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়িয়ে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে। কিন্তু সেখানে নিজেকে মেলে ধরতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি। তাই আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টি থেকে বাদ পড়তে হয় তাকে। তবে নিজেকে ফিরে পেতে এ বাঁহাতি এবার বেছে নিয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। আজ বিকেএসপিতে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তরুণ এই টাইগার।

সাভারের বিকেএসপিতে তিন নম্বর মাঠে সোমবার (২১ মার্চ) সিটি ক্লাবের বোলারদের তুলোধোনা করে ছাড়লেন শামীম। ৬৩ বলে ১৩ চার ও ৩ ছয়ের মারে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৪১ বলে প্রথম ফিফটির পর পরের পঞ্চাশ করতে মাত্র ২২ বল খরচ করেন তিনি। তার তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে আবাহনী লিমিটেড। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৬ বলে ১০৮ রান করে।

৫৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন জাকেরও। এছাড়া নাঈম শেখ ৩৭ ও তৌহিদ হৃদয় ৪৬ রান করেন। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। সিটি ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন জাওয়াদ রোয়েন।

শামীমের শতকটি অবশ্য ঢাকা লিগে দ্রুততম নয়। দ্রুততম সেঞ্চুরিটি জিম্বাবুয়ান ব্যাটার ব্রেন্ডন টেইলরের দখলে। ২০১৩-১৪ মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে কলবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ৪৬ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। আর দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ৫০ বল খেলে সেঞ্চুরির রেকর্ড আছে মাশরাফি বিন মর্তুজার। ২০১৬ সালে ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডির বিরুদ্ধে এই রেকর্ড গড়েন ম্যাশ।