তথ্য গোপন করে এসএসসি পরীক্ষার্থীর শ্রুতিলেখক ধরা

অনলাইন ডেস্ক।।
পটুয়াখালীর দশমিনায় শারীরিক প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থীর শ্রুতিলেখক তথ্য গোপন করে ধরা খেয়েছেন। তিনি বরিশাল বিএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। শ্রুতিলেখককে জরিমানা ও কেন্দ্র সচিবসহ পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভূগোল ও পরিবেশ পরীক্ষা চলাকালে আলীপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী জিনাত জেরিন সুলতানা এক শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলেন।

জিনাত জেরিন সুলতানা দুদকের উপ-পরিচালক ইব্রাহিমের মেয়ে। এ সময় কক্ষ পরিদর্শক চাঁদপুরা এবিসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব সাহা শ্রুতিলেখক মারুফা আক্তারকে চ্যালেঞ্জ করলে তিনি স্বীকার করেন বরিশাল বিএম কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। পরে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল ওই পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তথ্য গোপন করায় শ্রুতিলেখক মারুফা আক্তারকে অর্থদণ্ড প্রদান করেন এবং কেন্দ্র সচিব সালাউদ্দিন সৈকত ও পরীক্ষার্থী জিনাত জেরিন সুলতানাকে আগামী দুই বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করেন।

এদিকে মারুফা আক্তারকে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দেখিয়ে শ্রুতিলেখক হিসেবে অনুমতি দেওয়া হলেও ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তার কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, তথ্য গোপন করায় শ্রুতিলেখককে জরিমানা, শিক্ষার্থী ও কেন্দ্র সচিবকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।