দেশে করোনায় প্রাণ হারালেন আরও ৭ জন, নতুন শনাক্ত ৩৪৪৭

অনলাইন ডেস্ক।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩ হাজার ৪৪৭ জনের শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশে।

এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৫ জানুয়ারি) এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৪ হাজার ৩৭৮ জন; শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন, মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন। বরিশালে ১ ও সিলেটে ২ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২৪ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয় । পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান বলে জানা গেছে।