নগর ভবনের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে: মেয়র খায়ের

রূপালী ডেস্ক।।
নগর ভবনে প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ।

তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। গত পাঁচ বছরের কর্মকাণ্ডে এর ইমেজ সংকট সারাদেশে ছড়িয়ে পড়েছে। যোগ্য নেতৃত্বের অভাবে বরিশালের এই অবস্থা। এ থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

রোববার (১২ নভেম্বর) নগরীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘নতুন বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হয়েছি। আমি বরিশালের মানুষকে সম্মানিত করব।’

মঙ্গলবার তার নেতৃত্বাধীন পঞ্চম পরিষদ বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে বিসিসির দায়িত্ব গ্রহণ করবে। এ উপলক্ষে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে গত বৃহস্পতিবার অব্যাহতি নিয়েছেন। তিনি খায়ের আবদুল্লাহর বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ছেলে।

আবুল খায়ের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা বড় কঠিন। গত মেয়াদে এখানে কোনো উন্নয়ন হয়নি। দায়িত্ব গ্রহণের আগে প্রধানমন্ত্রী ৭৯৭ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ বরিশালবাসীকে উপহার দিয়েছেন। এর মাধ্যমে নগরের রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা সংকটের উন্নয়ন ঘটানো হবে।

তিনি বরিশাল মেডিকেল ও সদর হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরে জানান, এটি তার আওতাভুক্ত না হলেও নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি এর উন্নয়নেও নজর দেবেন।