নিখোঁজের চারদিন পর উজিরপুরে খাল থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক।।
বাড়ি থেকে নিখোঁজের চারদিন পর বরিশালের উজিরপুরে তৃতীয় শ্রেণির ছাত্র দীপ্ত মন্ডলের (৮) বস্তাবন্দি লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত শিশুর তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল ৭টায় উপজেলার হারতা ইউপির নাথারকান্দি গ্রামের একটি খাল থেকে ওই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু দীপ্ত মন্ডল উপজেলার হারতা ইউনিয়নের কাজীবাড়ির দীপক মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আর্শাদ জানান, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরেই গ্রেপ্তারকৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে। সেই সাথে এ হত্যাকান্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ওসি আরও জানান, নিহত শিশু দীপ্ত গত ২৭ মে দিবাগত রাত ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা দীপক মন্ডল ২৮ মে রাতে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে শিশু দীপ্ত নিখোঁজের চারদিন পর প্রতিবেশী রতন বিশ্বাস ও নয়ন শীলের ওপর সন্দেহ করেন স্থানীয়রা। একপর্যায়ে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় স্থানীয়রা রতন ও নয়নকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তার দীপ্তকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ভোর ৭টার দিকে নিহত শিশুর বাড়িতে যায়। সেখানে স্থানীয়দের হাতে আটককৃত রতন ও নয়নের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরের একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু শিক্ষার্থী দীপ্তর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর প্রতিবেশী রতন বিশ্বাস, তার স্ত্রী ইভা মল্লিক এবং নয়ন শীল নামে ৩ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে।