নেছারাবাদে মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

নেছারাবাদ প্রতিনিধি।।
পিরোজপুরের নেছারাবাদে পরিমল সমদ্দার (৫০) নামে একজনকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে একই গ্রামের কবির ও জাকির নামে দুই ভাই। মঙ্গলবার (০৫ এপ্রিল) সকালে সমেদয়কাঠি ইউনিয়নের শশিদ বাজারে বসে কবির এবং জাকির পরিমলের উপর অতর্কিত হামলা চালায়। পরিমল সমদ্দার শশিদ গ্রামের মৃত নগেন্দ্র নাথ সমদ্দারের ছেলে। পরিমল শশিদ বাজারের মন্দির কমিটির সম্পাদক। গ্রামের একটি পরিত্যক্ত পুলের ভীম তুলতে গিয়ে কথার কাটাকাটি নিয়ে এ ঘটনা ঘটে। আহত পরিমলকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত পরিমল সমদ্দার অভিযোগ করেন, তাদের গ্রামের একটি পুলের ভিম তুলে কাছেই রাখা হয়েছিল। তা পাহারার জন্য লোক পাওয়া যাচ্ছিলনা। এলাকার মেম্বর মৃদুল মজুমদার তুলে ফেলা ওই ভিম নিরাপত্তার জন্য ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেন। এসময়, এলাকার কবির এবং জাকির মেম্বরকে গালাগালি করছিল। এতে কবির ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে শশিদ বাজারে বসে বাহিনী ভাড়া করে পরিমলের উপর অতর্কিত হামলা চালায়। তাদের লাঠির আঘাত থেকে বাচতে পরিমল আত্ম রক্ষার্থে হাত দিয়ে তা থামানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির ফান্দি কেটে যায়। একইসাথে তাদের সজোরের লাঠির আঘাতে পরিমলের ডান পা ভেঙ্গে যায়।

এ ঘটনায় অভিযুক্ত কবির ও জাকিরের সাথে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

ইউপি সদস্য মৃদুল মজুমদার বলেন, ওরা খুবই খারাপ লোক। এলাকার একটি পরিত্যক্ত পুলের ভীম মাটি থেকে তুলতে না পেরে উপর থেকে কেটে তোলা হয়। এসময়, লোহার ভীম মাটি থেকে তোলার জন্য কবির তাদের অনুরোধ জানালেও তারা মাটি থেকে ভীম তুলতে না পেরে উপর থেকে কেটে ভীমগুলো তুলে ফেলেন। পরে কবির সেই ভীম আটকে রাখলে মেম্বর মৃদুল মজুমদার তা ইউনিয়ন পরিষদের জিম্মায় পাঠিয়ে দেন। এতে কবির ক্ষিপ্ত হয়ে মেম্বরকে গালিগালাজ করেন। পরিমল তা শুনে কবিরকে গালিগালাজ করতে নিষেধ করেন। এ কারনে কবির বাহিনী রাগন্মিত হয়ে মঙ্গলবার সকালে পরিমলকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, বিষয়টি জেনে স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।