পল্লী বিদ্যুতের ডিজিএমকে মারধর, যুবলীগ কর্মী কারাগারে

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডিজিএমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে যুবলীগ কর্মী আসাদ আকনকে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে (আসাদ) গৌরনদী পৌর শহরের দিয়াশুর গ্রামের রুমান আকনের ছেলে।

গৌরনদী মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে আসাদ আকন তার ১০/১২ জন সহযোগীকে নিয়ে পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরীর অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ এনে আসাদ ডিজিএমের ওপর হামলা চালিয়ে তাকে (জুলফিকার) মারধর করে। এ ঘটনায় ডিজিএম বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার আসামি আসাদ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমার্পন করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি আসাদ আকনকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ ব্যাপারে পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার বলেন, আসাদ আকন যুবলীগের কেউ নন। তাই তার অপকর্মের দায়ভার যুবলীগ নেবেনা।