পাথরঘাটার অবৈধভাবে খাল দখল কারীদের তালিকা দিতে ডিসিকে নির্দেশ

পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা)।।
বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার প্রাণ কেন্দ্রে পাথরঘাটা খাল দখল করে অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বরগুনা জেলা প্রশাসকে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। রিট পিটিশন নম্বর ২৫২৩/২০২৩।

বুধবার (০১ মার্চ) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে জনস্বার্থে পাথরঘাটা পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।

রিটের পক্ষে আইনজীবী মনোজ কুমার কীর্ত্তনিয়া ও আইনজীবী তনয় কুমার সাহা শুনানি করেন।

মামলার আইনজীবী মনোজ কুমার কীর্ত্তনিয়া ও তনয় কুমার সাহা বলেন, সারাদেশেই সরকারি জমি ও খাল ভরাট করছে প্রভাবশালীরা। এ বিষয়ে হাইকোর্টের অবগত আছেন। তাছাড়া বরগুনার পাথরঘাটায় খাল ভড়াটি জমি জবর দখল করায় তা হাইকোর্টের নজরে আসলে ৫০৫ ও ২৯৯৯/৩৩৯৬ দাগের সকল অবৈধ দখলকারীদের তালিকা করে তা ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

জনস্বার্থে রিটকারী কাউন্সিলর মো. রফিকুল ইসলাম কাকন বলেন, পাথরঘাটায় অনেক খাল ভরাট হয়েছে এবং প্রভাবশালীরা দখল করেছে। আমি জনস্বার্থে হাইকোর্টের নজরে এনেছি এখন উচ্চাদালত এবং সরকারের বিষয়।

তিনি আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সরকার এবং হাইকোর্টে পাথরঘাটা পৌরসভার জনগনকে জলাবদ্ধতা থেকে পরিত্রানের জন্যই রীট দাখিল করেছি।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হাইকোর্টের নির্দেশনা এখনো হাতে পাইনি, পেলে সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।