পাথরঘাটায় ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলা, হাসপাতালে ভর্তি

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল থেকে ফেরার সময় পথরোধ করে কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জয়নাল আবেদীন এর উপর ছাত্রলীগের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৯ মে) বেলা ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে ফেরার পথে কেজি স্কুলের দ্বিতীয় গলিতে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত জয়নাল আবেদীন উপজেলার পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. শাহ আলম এর ছেলে ও পাথরঘাটা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক।

আহত জয়নাল আবেদীন জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনের জন্য কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির পাথরঘাটা দলীয় কার্যালয়ে যান তিনি। সেখান বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে থানা মসজিদ হয়ে কেজিস্কুল রোর্ডের দ্বিতীয় গলিতে পৌছলে ছাত্রলীগের কয়েকজন নেতারা তাকে পথ রোধ করে বাশ দিয়ে ডান পা ও মাজায় পিটানো শুরু করে। এতে গুরুতর যখম হন তিনি। পরে ছাত্রদলের কয়েজন নেতারা উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালীদ মক্কী সাংবাদিকদের জানান, এগুলো তারা মিথ্যা অভিযোগ করছেন। ছাত্রলীগের নেতাকর্মীর কাউকে মারধর করেনি। তাদের অভ্যন্তরীণ কোন্দল ছাত্রলীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুঠোফোনে জানান, কোন অভিযোগ আসেনি।