পিএসজির হারের কারণ তিন তারকা ও ইগো!

স্পোর্টস ডেস্ক।।
চ্যাম্পিয়নস লিগের পাওয়ার র‌্যাংকিংয়ে সেরা চারে ছিল পিএসজি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের আক্রমণ নিয়ে আসরের ফেবারিট ছিল তারা। অথচ শেষ ষোলোয় বিদায় নিয়েছে অঢেল অর্থে গড়া দলটি।

পিএসজির বিদায়ের কারণ খুঁজতে গিয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ও ফুটবল বিশ্লেষক রিও ফার্নান্দেজ মনে করছেন, তিন তারকা ও দলটির ইগোর কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে প্যারিসিয়ানরা।

রিও’র মতে, তারকা খচিত দল নিয়ে লিগ জেতা যায়। কিন্তু চ্যাম্পিয়নস লিগ শুধু গায়ে তারকা চিহ্ন সেঁটে যাওয়া তারকাদের খেলা নয়। এটি দলগত খেলা। তিনি বলেন, ‘কীভাবে পিএসজি মুহূর্তে গুটিয়ে গেলো দেখলাম আমরা, এটা এই মৌসুমের বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের সঙ্গে প্রতিবছরই এমনটা ঘটছে।’

রিও জানান, এই নিয়ে অনেক কোচই পিএসজি’র দায়িত্ব নিয়েছেন। তারা সফলভাবে লিগ জিতেছেন। কিন্তু ইউরোপ সেরার লড়াইয়ে গিয়ে ব্যর্থ হয়েছেন। সুতরাং কোচ মাউরিসিও পচেত্তিনোকে দোষ দিয়ে লাভ নেই। এই দলটা অকার্যকর, সেটা প্রমাণিত হয়েছে।

সাবেক এই ইংল্যান্ড ডিফেন্ডার বলেন, ‘পিএসজিতে তিনজন বড় তারকা আছে। মেসি, নেইমার এবং এমবাপ্পে, যারা সকলেই সুপারস্টার। সঙ্গে তাদের ইগোও আছে। তারা সকলেই সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। এমন ফুটবলার দলে একজন থাকাই ভালো। বাকিরা ওই খেলোয়াড়কে ঘিরে কাজ করবে। তাদের তিনজনকে একসঙ্গে রেখে শীর্ষ পর্যায়ের সেরা ফুটবলে অসম্ভব।’

সাবেক এই ফুটবলার এবং বিশ্লেষক উদাহরণ হিসেবে রিয়াল মাদ্রিদের কথা উল্লেখ করেন। তার মতে, চ্যাম্পিয়নস লিগে ভালো করতে দল হিসেবে খেলা দরকার। রিয়াল মাদ্রিদ পূর্বে যেমন করেছে। এখন যেমন খেলছে। তিনি মনে করেন, রিয়ালে আগে নেতা ছিল রোনালদো। তাকে সামনে রেখে অন্যরা পাশে খেলতো। এখন বেনজেমাকে ঘিরে অন্যরা খেলছে।