পিরোজপুর নেছারাবাদে প্রবীণ শিক্ষককে মারধরের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মো: সরোয়ার হোসেন নামে অবসরপ্রাপ্ত এক প্রবীন শিক্ষককে পিটিয়েছে একই গ্রামের ইলিয়াস( ৩৭) নামে এক যুবক। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আটঘর বাজারে বসে এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি মাহফিল কমিটিতে সভাপতির পদ নিয়ে দন্ধে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত সরোয়ার হোসেনের।

ইলিয়াসের মারধরে আহত হয়ে নেছারাবাদ উপজেলা হাসপাতালে চিকিৎসা নেওয়া সরোয়ার হোসেন অভিযোগ করেন, তাদের আটঘরে আগামি ১৪ মার্চ একটি মাহফিল অনুষ্ঠিত হবে। সেই মাহফিলে তাকে সভাপতি করা হয়েছে। ইলিয়াস আমাকে মেনে নিতে না পেরে আমার নামে বাজারে বসে যাচ্ছে তাই বলে বেড়াচ্ছিল। ঘটনার দিন সকালে আমি বাজারে গেলে ইলিয়াস আমাকে একা পেয়ে গালি গালাজ শুরু করে। এসময় আমি তাকে জিজ্ঞাসা করলে আমাকে মারতে শুরু করে। পরে আমার দুই ছেলে খবর পেয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

অভিযোগ অস্বীকার করে ইলিয়াস বলেন, সরোয়ারদের সাথে আমাদের একটু পারিবারিক ঝামেলা ছিল। সেই পূর্ব ঝামেলার জের ধরে রোববার সকালে আমাকে বাজারে একা পেয়ে সরোয়ারের ছেলেরা মারধর করেছে।

এ ব্যাপারে আটঘর ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, আমি ঘটনা শুনে উভয় পক্ষকে ডেকে এক জায়গায় বসে ঘটনা শুনতেছি। জেনে আপনাকে জানাবো।