পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

মো আসাদুজ্জামান, ঠাকুরগাঁও।।
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির পুকুরে ভেসে উঠল আবদুল্লাহ পুষ্প নামে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ঠাকুরগাঁও থানা পুলিশ।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ক‌বির বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু‌দিন আগে শিশু‌টির বাবা মাসুদ রানা ও মা রুনা বেগম দাম্পত্য কলহ থেকে বিচ্ছেদ হয়। শিশুটি তার নানার বা‌ড়িতে মায়ের সাথে থাকত। গত শ‌নিবার পুষ্পকে তার নানার বা‌ড়ি থেকে নিজ বা‌ড়িতে নিয়ে যায় বাবা মাসুদ। পর‌দিন রোববার সকাল থেকে শিশু‌টি নি‌খোঁজ হয়। পরে আত্মীয়-স্বজনসহ চারপা‌শে খুঁজেও না পেয়ে সদর থানায় এক‌টি জি‌ডি করে শিশু‌টির বাবা মাসুদ। জি‌ডির দু‌দিন পরই মঙ্গলবার পুষ্পের মর‌দেহ ভেসে ওঠে বা‌ড়ির পুকুরে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশু‌টির মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।