পেটানোর পর মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি!

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
দিনমজুরকে পানবরজের মধ্যে ধরে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের। এ ঘটনায় মঙ্গলবার (০৫ এপ্রিল) দিবাগত রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সুন্দরদী মহল্লার বাসিন্দা দিনমজুর শিপন মোল্লা অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে রাস্তায় দাড়িয়ে ছিলেন। ইতিমধ্যে অপরিচিত দুইজন ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে তাকে পার্শ্ববর্তী পানবরজের মধ্যে ধরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেয়া পার্শ্ববর্তী নন্দনপট্টি গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন র‌্যাব পরিচয় দেয়া ওই দুই ব্যক্তির সামনে বসেই পিটিয়ে আহত করে। একপর্যায়ে ডাকচিৎকার দেয়ার চেষ্টা করলে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি প্রদান করে চলে যায়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।