প্রথম দল হিসেবে সেঞ্চুরি করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ সুপার লিগে সবার আগে ১০০ পয়েন্ট হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের। এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে তামিম ইকবালের দল। যার সুবাদে পূরণ হয়েছে পয়েন্টের সেঞ্চুরি। কাছাকাছি থাকা ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ৯৫ পয়েন্ট। বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে এক নম্বর স্থানটিও দখল করেছে টাইগাররা।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে চলমান সুপার লিগে এখন পর্যন্ত ১০ বা এর বেশি ম্যাচ খেলে ফেলেছে ৮টি দল। অর্থাৎ ৮ দলের সামনে সুযোগ ছিল ১০০ পয়েন্ট অর্জনের। কিন্তু তারা কেউই পারেনি একশ পয়েন্টের ঘরে পা রাখতে। যা শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) করে দেখালো বাংলাদেশ দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৮৮ রানের বড় ব্যবধানে। বিশ্বকাপ সুপার লিগে খেলা ১৪ ম্যাচে বাংলাদেশের এটি দশম জয়। প্রতি জয়ের জন্য বরাদ্ধ থাকে ১০টি করে পয়েন্ট। যার সুবাদে পূরণ হয়েছে পয়েন্টের সেঞ্চুরি।

গতবছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে সুপার লিগে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। সেই সিরিজের তিন ম্যাচেই জেতে টাইগাররা। পরের সিরিজেই ধাক্কা খায় তামিমের দল। নিউজিল্যান্ড সফরের তিন ম্যাচেই হেরে মেলেনি কোনো পয়েন্ট।

তবে দেশে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জেতার ফলে হয় পয়েন্টের সেঞ্চুরি। এরপর জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। সেই সফরের পর পয়েন্ট দাঁড়ায় ৮০। যা চলতি সিরিজে গিয়ে দাঁড়ালো একশতে।