প্রস্রাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে করণীয়

রূপালী বার্তা।।
প্রস্রাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারা, প্রস্রাব লাগলে সাথে সাথে বাথরুমে ছোটার প্রয়োজনীয়তা, হাঁচি, কাশি বা সামান্য চাপে হঠাৎ প্রস্রাবের ফোঁটা বেরিয়ে আসা নারীদের এই সমস্যা অনেক ভোগায়; বিশেষ করে সন্তান প্রসবের পর পেলভিসের পেশি দুর্বল হয়ে পড়লে বা জরায়ু নিচে নেমে এলে।

কিন্তু এ ধরনের সমস্যা পুরুষদেরও হয়। একটু বয়স্ক পুরুষেরা এ ধরনের সমস্যায় বেশি পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় প্রস্টেটগ্রন্থি বড় হয়ে মূত্রথলিতে চাপ দেয়ার কারণে। অনেক সময় স্নায়ুগত কারণে মূত্রথলির ধারণক্ষমতায় বা সংবেদনশীলতায় সমস্যার কারণেও এমনটি হয়। এ সমস্যার কারণে অনেক সময় ৫০-ঊর্ধ্ব পুরুষেরা অফিসে, বাইরে বা কর্মক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এই সমস্যা থেকে রেহাই পেতে যা যা করতে পারেন-

১. চা, কফি, কোমল পানীয়, অ্যালকোহল সমস্যা বাড়াবে। বিশেষ করে বাড়ির বাইরে এসব এড়িয়ে চলাই ভালো।
২. প্রতি দুই থেকে তিন ঘন্টার মধ্যে বাথরুমে গিয়ে মূত্রথলি খালি করুন। অনেকক্ষণ প্রস্রাব জমিয়ে রাখবেন না। মনে রাখবেন প্রস্টেটের সমস্যায় হঠাৎ করে এ থেকে প্রস্রাব আটকে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
৩. ওজন কমান। অতিরিক্ত ওজন সমস্যা জটিল করে তুলবে।
৪. ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণ করুন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিস জনিত স্নায়ু বৈকল্য এই সমস্যার জন্য দায়ী হতে পারে।
৫. পুরুষদের যে প্রস্রাবে সংক্রমণ হয় না, তা নয়। প্রস্রাবের নিয়ন্ত্রণহীনতা হঠাৎ বেড়ে যাওয়া, জ্বালাপোড়া, তলপেটে অস্বস্তি হলে প্রস্রাব কালচার করা উচিত।
৬. প্রস্টেটের সমস্যার চিকিৎসা নিন। নিয়মিত আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন, বছরে একবার চেকআপ করুন। কখনও সার্জারির প্রয়োজনও হতে পারে। তাহলে ইউরোলজিস্ট এর স্মরণাপন্ন হতে পারে।

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।