প্রেমিকাকে ছুরিকাঘাত করে প্রেমিকের বিষপান

অনলাইন ডেস্ক।।
নরসিংদীর রায়পুরায় প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করে বিষপান করেছে এক প্রেমিক। পরে গুরুতর আহতবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা উভয়েই দক্ষিণ মির্জানগর গ্রামের বাসিন্দা এবং দক্ষিণ মির্জানগর আসমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
আহত স্কুল পড়ুয়া প্রেমিকা নেহা মনিকে (১৬) ঢাকায় প্রেরণ করা হয়েছে। একই সাথে বিষপান করা প্রেমিক রবিন মিয়াকে (১৬) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, রবিন ও নেহা মনি নামে দুই শিক্ষার্থীর পূর্ব পরিচয় এবং প্রেমের সম্পর্ক ছিল। এরমধ্যে গত শুক্রবার নেহা মনির অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। পরে সোমবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস শেষ করে উভয়েই বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ রবিন নেহার সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে রবিন নেহার মুখে ছুরিকাঘাত করে নিজে বিষপান করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর জানান, বিষপানের কথা শুনে আমি বাড়ি থেকে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই মেয়েকে নাকি ছুরিকাঘাত করে তারপর বিষপান করেছে রবিন মিয়া নামে ওই যুবক। তবে তাদের দু’জনের মধ্যে প্রেম বা এই সংক্রান্ত কিছু ছিল কি না এ বিষয়ে নিশ্চিত নই আমি।

হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন জানান, দু’জনের মধ্যে প্রেম ছিল বলে স্থানীয়ভাবে জেনেছি। দু’জনেরই চিকিৎসা চলছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি আমাদের হাতে। চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।