প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় তরুণীর বাড়িতে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক।।
সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে একটি ভবনে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। বহুতল ওই ভবনে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম শুভম দিক্ষিত, বয়স ২৭ বছর। সে ওই এলাকায় সঞ্জয় হিসেবেই বেশি পরিচিত।

এক তরুণী তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তিনি ওই ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া ভবনেই থাকতেন ওই তরুণী। তবে সৌভাগ্যক্রমে অগ্নিকাণ্ড থেকে ওই তরুণী এবং তার মাকে নিরাপদেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (০৭ মে) ভোরে ওই বহুতল ভবনটিতে আগুন লাগে। ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত ওই ভবনের বেজমেন্টের প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্ট সার্কিটের কারণে ভোর ৩টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে জানানো হয়। সে সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। অল্প সময়ে মধ্যেই পার্কিংয়ে রাখা গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।